Thursday, 26 November 2026 | 26 November 2026
ব্রেকিং
খুলনা

তেরখাদায় সংযোগ সড়ক পাকা করার দাবি এলাকাবাসীর

November 25, 2026 · MD ASHIM

মোঃ শিমুল হাসান, স্টাফ রিপোর্টার: খুলনার তেরখাদা উপজেলার  দক্ষিণ হাড়িখালী সংযোগ সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

জানা গেছে, পুরাতন ভ্যান স্ট্যান্ড (আবেদের মোড়) থেকে শুরু হয়ে পুরাতন খেয়াঘাট দিয়ে ব্রীজ চত্বর অর্থাৎ হাড়িখালী বাজারের সাথে মিশেছে এই সড়কটি। দৈর্ঘ্য মাত্র এক কিলোমিটারের তিন ভাগের এক ভাগ। কিন্তু এখনো পাকা না হওয়ায় বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
একসময় উপজেলার ছাগলাদহ এবং রুপসার চাঁদপুর যাওয়ার একমাত্র রাস্তা ছিল এই সড়কটি। বর্তমানে এই সড়ক দিয়ে প্রতিদিন ভ্যান, সাইকেল, মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করে।
সড়কের দক্ষিণ পাশে ঘন জনবসতিপূর্ণ আশ্রয়ণ প্রকল্প এবং উত্তর পাশে স্থানীয় জনপদের বসবাস। ফলে প্রতিদিন শত শত মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের ভোগান্তি সবচেয়ে বেশি।
এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য মোঃ আজিজুল বারী হেলাল, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি পাকা করার জোর দাবি জানানো হয়েছে।
এলাকাবাসী বলেন, এইটুকু রাস্তা পাকা হলে হাড়িখালী বাজারের সাথে যোগাযোগ আরও সহজ হবে। দুর্ভোগ থেকে মুক্তি পাবে হাজারো মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশা করেন তারা।