Thursday, 26 November 2026 | 26 November 2026
ব্রেকিং
সারাদেশ

তরুণীর সঙ্গে এমপির ব্যক্তিগত সহকারীর আপত্তিকর ভিডিও ভাইরাল

November 25, 2026 · MD ASHIM

খুলনার বার্তা ডেস্ক:  চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১০ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একপর্যায়ে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখা যায়।

জানা গেছে, নয়ন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তিনি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার নুরুল আনোয়ারের ছেলে। এর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছিল।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে প্রথমে এক তরুণীর সঙ্গে তাকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে দুজনকে আপত্তিকর অবস্থায়ও দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ১১ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। রবিউল হোসেন রবিকে আহ্বায়ক ও কামরুদ্দীন সবুজকে সদস্যসচিব করে গঠিত ওই কমিটিতে ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক পদ পান শেখ মোহাম্মদ হোসেন নয়ন। কমিটিটি এখনো বহাল রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী-কাম-কম্পিউটার অপারেটর হিসেবেও তার নিয়োগের তথ্য পাওয়া গেছে। জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজ শাখার সহকারী সচিব মারুফা সুলতানার স্বাক্ষরিত ১৩ জুনের অফিস আদেশে গত ১৭ ফেব্রুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর করার কথা উল্লেখ রয়েছে। তবে এ নিয়োগ নিয়ে সংসদ সদস্যের বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

নয়নের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার তথ্যও পাওয়া গেছে। ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর পটিয়া থানার মনসা বাদামতল এলাকায় অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরদিন ১৮ সেপ্টেম্বর পটিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ জেলা ছাত্রদলের কয়েকজন নেতা বলেন, ‘গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থেকে এ ধরনের বিতর্কে জড়ানো সংগঠনের জন্য বিব্রতকর। তাদের অভিযোগ, দলীয় পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে এলাকায় নানা সুবিধা নেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন নয়ন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে বিস্তারিত যাচাই করা সম্ভব হয়নি।’

ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে শেখ মোহাম্মদ হোসেন নয়ন বলেন, ‘রাজনৈতিকভাবে ভালো অবস্থানে থাকায় একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। শুধু এ ঘটনা নয়, ধারাবাহিকভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে প্রতিপক্ষ এসব অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়েছি।’

তিনি বলেন, ‘কারা এর পেছনে রয়েছে, তা নিশ্চিত হতে পারি নি। সংশ্লিষ্টদের পরিচয় জানতে পারলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাব।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, ‘এ ধরনের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নেবে। তবে কেউ ব্যক্তিগতভাবে আপত্তিকর বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তার দায়ভার সংগঠন নেবে না।’

অন্যদিকে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক বলেন, ‘শেখ মোহাম্মদ হোসেনকে তিনি চেনেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে রয়েছেন। সংসদ সচিবালয় থেকে তাকে ব্যক্তিগত সহকারী-কাম-কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হলেও এক সপ্তাহের মধ্যেই সেই নিয়োগ বাতিল করা হয়।’

নয়নের বিরুদ্ধে এ ধরনের কোনো ঘটনার কথা আগে শোনেননি জানিয়ে সংসদ সদস্য বলেন, ‘তিনি যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন সেটি তার ব্যক্তিগত বিষয়। এর দায়ভার তিনি নিতে পারবেন না।’