খুলনার বার্তা ডেস্ক: খুলনাকে সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে নগরীর প্রধান সড়কগুলোর দুই পাশে গাছ লাগিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। গাছ রক্ষার জন্য চারপাশে জালের বেষ্টনিও দেওয়া হয়েছে। এরপরও রক্ষা হয়নি। প্রায় ২০০টি গাছের চারা খেয়ে ফেয়েছে কিছু গরু। একাধিকবার নিষেধের পরও কাজ না হওয়ায় এবার গরুর মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে কেসিসি।
ঘটনাটি ঘটেছে খুলনার দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের মুজগুন্নী মহাসড়কে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কেসিসির ৬নং ওয়ার্ড সচিব শেখ মো. জুলফিকার আলী। অভিযুক্ত শেখ মো. ইব্রাহিম নগরীর পাবলা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার ৫টি গরু রয়েছে।
কেসিসির কর্মকর্তারা জানান, সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর আওতায় কেসিসি পুরো নগরীতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রায় ২৩ হাজার ৫০০টি গাছ লাগানো শেষ হয়েছে। এর অংশ হিসেবে ৬ নম্বর ওয়ার্ডে ফলজ, বনজ, ভেষজ ও সৌন্দর্যবর্ধনকারী গাছ লাগানো হয়। নগরীর নতুন রাস্তা থেকে বিজিবি ৩ নম্বর গেট পর্যন্ত লাগানো কচি গাছগুলো বেশ সতেজ হয়ে উঠছিল। কিন্তু বাধ সাধে স্থানীয়দের গরু। তারা প্রায় ২০০ গাছ খেয়ে ফেলেছে।
কেসিসির ৬ নম্বর ওয়ার্ডের সচিব শেখ মো. জুলফিকার আলী বলেন, গাছগুলো বড় হচ্ছিলো। ইব্রাহিমের গরুগুলো প্রতিদিন এসে কচিপাতা খেয়ে যায়। মালিক ইব্রাহিমকে এ বিষয়ে বারবার সতর্ক করা হয়েছে। তবুও তিনি গরুগুলো ছেড়ে রাখেন। তাই বাধ্য হয়ে ২৬ নভেম্বর দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন বলেন, নগরীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় এই গাছগুলো লাগানো হয়েছে। অনেক জায়গায় গরু গাছ নষ্ট করছে। শুধু গরু নয়, শহরের অনেক জায়গায় গাছের ওপর ইট, বালু ও খোয়া ফেলে রাখা হচ্ছে। আবার কোথাও গাছের জায়গা দখল করে দোকানপাট বসানো হচ্ছে। আমরা ইতিমধ্যে উচ্ছেদ অভিযান শুরু করেছি। প্রশাসক বলেছেন, সরকারি গাছ নষ্ট করলে বা জায়গা দখল করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম জানান, সিটি করপোরেশনের লিখিত অভিযোগ পেয়ে গরুর মালিককে সতর্ক করা হয়েছে।’
এখন দেখার বিষয়, পুলিশের ভয়ে খুলনার গরুগুলো সরকারি গাছ খাওয়া বন্ধ করে ঘাস-বিচালিতে ফিরে আসে কি না!
