Thursday, 26 November 2026 | 26 November 2026
ব্রেকিং
জাতীয়

আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, সীমান্তে বিএনপির বিক্ষোভ

November 25, 2026 · MD ASHIM

খুলনার বার্তা ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার মধ্যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্ত পরিদর্শনে আসার আসার খবর পাওয়া গেছে। এই খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।

এর আগে দুপুরে আগরতলায় আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির ৫-৭ জন জ্যেষ্ঠ নেতা রয়েছেন বলে সূত্রে জানা গেছে।

এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই বুধবার বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আখাউড়া স্থলবন্দরে আসেন। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুলসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। আমরা খবর পেয়েছি তিন উপজেলার যে কোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার জন্য প্রবেশের চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে আমাদের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছি।