Thursday, 19 November 2026 | 19 November 2026
ব্রেকিং
খুলনা

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

October 29, 2026 · MD ASHIM

খুলনার বার্তা ডেস্ক:  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রশাসনিক সিদ্ধান্তে পাঁচ শিক্ষকসহ ৭ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য করা, ভুয়া অভিজ্ঞতার দিয়ে চাকরিতে যোগদান, নিয়োগের সময়ে বয়সের সমস্যাসহ নানান কারণে অভিযুক্তদের তদন্ত সাপেক্ষে চাকরিচ্যুত করা হয়েছে।

কুয়েটে চাকরিচ্যুত হওয়া শিক্ষকরা হলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, আইইএমের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল, মানবিক ও ব্যবসা বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা, একই বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান, ডেপুটি রেজিস্টার নিমাই চন্দ্র মিস্ত্রি এবং অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত। চাকরিচ্যুত হওয়া সাতজনই দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত ছিলেন।

কুয়েট রেজিস্টার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা গণমাধ‌্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত মোতাবেক সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে থেকে অভিযোগ ছিল। যার কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। অভিযোগ তদন্তের পর অনেকের কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছিল। কেউ দিয়েছে কেউ দেয়নি। সর্বসম্মতিভা‌বে সিন্ডিকেট সভায় ৫ শিক্ষক এবং এক কর্মকর্তা ও এক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।