খুলনার বার্তা ডেস্ক : খুলনার চার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। রূপসা, তেরখাদা, বটিয়াঘাটা ও দিঘলিয়া উপজেলায় পরিচালিত এ অভিযানে এ পর্যন্ত ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় খুলনা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক এ তথ্য জানান। এসআরবি, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশের সমন্বয়ে গত মঙ্গলবার থেকে এ অভিযান শুরু হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চলতি বছর জেলায় ৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫টির রহস্য উদঘাটন করা সম্ভব হলেও বাকি ১০টি মামলার তদন্ত চলমান। সংঘটিত অপরাধগুলোর বিশ্লেষণে দেখা গেছে—মাদকসংক্রান্ত কারণে ৩টি, সামাজিক দ্বন্দ্বে ১৩টি, পারিবারিক কলহে ৪টি, রাজনৈতিক কারণে ২টি এবং শ্বাসরোধ ও অন্যান্য অজ্ঞাত কারণে ৮টি হত্যাকাণ্ড ঘটেছে। খুলনায় মাদক সংক্রান্ত বিরোধের জেরেই অধিকাংশ ‘টার্গেট কিলিং’ ঘটছে বলে উল্লেখ করেন তিনি।
