Thursday, 19 November 2026 | 19 November 2026
ব্রেকিং
জাতীয়

হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক

November 11, 2026 · MD ASHIM

খুলনার বার্তা ডেস্ক:   সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ স্বজনদের সুবিধা দেওয়া এবং অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।

সংসদের প্রশ্নোত্তর পর্বে বুধবার (১১ নভেম্বর) কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব অভিযোগ তুললে সরকারি ও বিরোধীদলের সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কয়েক দফা হট্টগোলের মধ্যে বিরোধীদলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানান। সরকারি দলের সদস্যরাও হইচই করেন।

অধিবেশনে এ সময় সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বারবার সদস্যদের শান্ত হয়ে বসার অনুরোধ জানান।

প্রশ্নোত্তর পর্বের শুরুতে গাইবান্ধা-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিমের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ সরকারের বিভিন্ন কৃষি কর্মসূচির তথ্য তুলে ধরেন। পরে সম্পূরক প্রশ্নের সুযোগ পেয়ে হাসনাত সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন।

প্রশ্ন করতে গিয়ে কয়েকটি সংবাদের শিরোনাম পড়ে শোনান হাসনাত। তিনি বলেন, “সারের ডিলার হয়েছেন সংসদ সদস্যের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী।”

ঠাকুরগাঁওয়ে ৩১ জন সারের ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেন তিনি। তাদের মধ্যে ১০ জন বিএনপি নেতাদের স্ত্রী, সন্তান বা অন্য স্বজন বলেও অভিযোগ করেন।

নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় এক সংসদ সদস্যের সন্তানের বিরুদ্ধে অভিযোগ থাকার কথা তুলে ধরে এই এনসিপি নেতা বলেন, “ওই সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগে সুপারিশ করা”র অভিযোগ তোলেন তিনি।

হাসনাতের দাবি, “কোনো কোনো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ১৫টি ইউনিয়নের দায়িত্ব পেয়েও ৩০টি ইউনিয়নে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন।”

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার দায়িত্ব দেওয়ার সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

হাসনাত দাবি করেন, “২০০৯ সালে বিএনপি বিরোধীদলে থাকার সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরোধীদলের নির্বাচনী এলাকার দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলা হয়েছিল। অথচ বর্তমান বিএনপি সরকার একই ব্যবস্থা চালু করেছে।”

ডিলার নিয়োগে আওয়ামী লীগের আমলের ব্যবসায়ীদের আবার সুযোগ দেওয়ার মত শর্ত মন্ত্রণালয় পরিকল্পিতভাবে রেখেছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। সারের ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে কি না, তা জানতে চান হাসনাত।

তিনি বলেন, “আমাদের দেশের এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগ্না ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই।”

এ প্রশ্নের জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, “উনি (হাসনাত) সারের ডিলার নিয়োগকে উৎসব হিসেবে উল্লেখ করেছেন। সরকারও চায় ডিলার নিয়োগ উৎসবের মত হোক। উৎসবকে আমি ভাল অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন তাহলে ভিন্ন।”

“আমার জবাব যদি অপছন্দ হয় আরেকটা প্রশ্ন করব। আরেকটা জবাব দিমু। অসুবিধা নাই।”

এরপর কৃষিমন্ত্রী ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করেন। তিনি বলেন, “সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত শর্ত অনুযায়ী আবেদন আহ্বান করা হয়। আবেদনগুলো প্রথমে স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাই করা হয়। সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটিও যাচাই-বাছাইয়ে অংশ নেয়। উপজেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে প্রস্তাব জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে পাঠানো হয়।”

জেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে বলেও তথ্য দেন মন্ত্রী।

বিরোধীদলের সদস্যরা এ সময় আবার হইচই শুরু করেন। সরকারি দলের সদস্যরাও হইচই করেন। এ পরিস্থিতিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সদস্যদের বসার অনুরোধ জানান। বিরোধীদলের চিফ হুইপের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, “তার বক্তব্য শেষ হলে বিরোধীদলের সদস্যদের সন্দেহ দূর হবে।” কিন্তু হট্টগোল চলতে থাকায় ডেপুটি স্পিকার আবারও সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।

এরপর কৃষিমন্ত্রী আবার বক্তব্য শুরু করেন। তিনি জানান, জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকেন। কমিটির সদস্যরা আবেদন যাচাই-বাছাই করে অগ্রাধিকার অনুযায়ী তিনজনের নাম মন্ত্রণালয়ে পাঠান। সেই তালিকার প্রথম ব্যক্তিকেই ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। একজন ব্যক্তির সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়নি।

অভিযোগের প্রমাণ চাইলেন চিফ হুইপ
কৃষিমন্ত্রীর জবাবের পর চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগের প্রতিবাদ জানান। তিনি বলেন, “সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে সুপারিশ করেছেন বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়।”

কারও কাছে এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীকে লিখিতভাবে দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রমাণ ছাড়া সংসদ সদস্যদের বিরুদ্ধে অসত্য অভিযোগ তোলার বিষয়ে আপত্তি জানিয়ে বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ করেন চিফ হুইপ। ডিলার নিয়োগ পদ্ধতিতে কোনো ভুল থাকলে কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন সংশোধনেরও পরামর্শ দেন তিনি।

এরপরও বিরোধীদলের কয়েকজন সদস্য কথা বলার সুযোগ চান। তবে ডেপুটি স্পিকার তাদের আর বক্তব্যের সুযোগ না দিয়ে পরবর্তী প্রশ্নে যান।